নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

মালদহ: মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ধরে ধরে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে মালদহের এক শিক্ষকসহ মোট ৯ জন শিক্ষককে সাসপেন্ড করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের মথুরাপুর বিএসএস হাইস্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম সনওয়ার আলি পরভেজ। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সনওয়ার আলির যে ঘরে গার্ড দেওয়ার কথা ছিল, তিনি সেখানে না গিয়ে পাশের ঘরে ঢুকে পড়েন। সেখানে একটি লুজ শিটে নিজের বিষয়ের প্রশ্নের উত্তরগুলি লিখে ফেলেন। এরপর ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে সেই উত্তরগুলি পড়তে শুরু করেন যাতে পরীক্ষার্থীরা তা শুনে লিখে নিতে পারে। এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ভিডিওটি হাতে পাওয়ার পরপরই কড়া পদক্ষেপ নেয় পর্ষদ কর্তৃপক্ষ। মালদহের এই শিক্ষক ছাড়াও একই ধরনের অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও ৮ জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
পর্ষদ সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। পর্ষদের এক আধিকারিক জানান, “যদি পড়ুয়ার পরীক্ষা বাতিলের বিধান থাকে, তবে অনিয়মে অভিযুক্ত শিক্ষকেরও সাজা পাওয়ার জায়গা অবশ্যই আছে।” এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।