বিড়ালের শরীরেও হানা দিচ্ছে মারণ বার্ড ফ্লু! পোষ্যকে বাঁচাতে কী কী করবেন? The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এইচ৫এন১ (H5N1) ভাইরাস বা বার্ড ফ্লু এবার ডানা মেলছে গৃহপালিত বিড়ালের শরীরেও। এতদিন এই ভাইরাস কেবল পাখিদের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করা হলেও, সাম্প্রতিক গবেষণায় বিড়ালের সংক্রমিত হওয়ার তথ্য সামনে আসায় কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের। বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকা প্রিয় পোষ্য আক্রান্ত হলে পরিবারের সদস্যদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি থাকছে।
সংক্রমণের কারণ ও লক্ষণ:
চিকিৎসকদের মতে, মূলত আক্রান্ত পাখির মাংস খাওয়া, বিষ্ঠার সংস্পর্শে আসা বা মৃত পাখিতে মুখ দিলে বিড়াল দ্রুত সংক্রমিত হয়। আক্রান্ত বিড়ালের শরীরে প্রবল জ্বর, শ্বাসকষ্ট, চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে জল পড়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময় স্নায়বিক সমস্যার কারণে অস্বাভাবিক কাঁপুনি বা খাবারে অনীহাও দেখা দিতে পারে।
সতর্কতা ও প্রতিকার:
পোষ্যকে নিরাপদ রাখতে বিড়ালকে বাড়ির বাইরে একা ছাড়া বন্ধ করতে হবে। কোনোভাবেই কাঁচা মাংস, বিশেষ করে পাখির মাংস খাওয়ানো যাবে না। বিড়ালের থাকার জায়গা নিয়মিত পরিষ্কার রাখা এবং মৃত পাখির সংস্পর্শ থেকে দূরে রাখা জরুরি। চিকিৎসকরা জানাচ্ছেন, পোষ্যকে আদর করার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। অস্বাভাবিক কোনো লক্ষণ দেখলেই দেরি না করে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আতঙ্ক নয়, পরিচ্ছন্নতাই পারে এই ভাইরাস মোকাবিলা করতে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!