নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ মার্চ ২০২৬ :

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। পাহাড়ের তিনটি আসন বাদে বাকি ২৯১টি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবার সকলের নজর ঘাসফুল শিবিরের নির্বাচনী ইস্তেহারের দিকে। আজ শুক্রবার বিকেল চারটেয় কালীঘাট থেকে এই বহু প্রতীক্ষিত ইস্তেহার প্রকাশ করবেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইস্তেহার হলো জনমানসে দলের দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার দর্পণ। গত ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবারের লড়াই তৃণমূলের কাছে কেবল প্রত্যাবর্তনের নয়, বরং নিজেদের উন্নয়নের খতিয়ানকে পুনরায় প্রমাণ করার চ্যালেঞ্জ। এর আগেই ‘যুবসাথী’ প্রকল্পের মতো জনমুখী পদক্ষেপ নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে শাসকদল। সূত্রের খবর, এবারের ইস্তেহারে মূল ফোকাস থাকছে নারী ক্ষমতায়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং গত দেড় দশকের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা।
এবারের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘পারফরম্যান্স’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তা স্পষ্ট। প্রায় ৭৪ জন বিদায়ী বিধায়ককে সরিয়ে নতুন ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি প্রার্থী ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে দলে যোগ দেওয়া নতুন মুখদেরও রাখা হয়েছে তালিকায়, যা এক বড় চমক। ‘স্টার গ্ল্যামার’ সরিয়ে কাজের মানুষকে প্রাধান্য দেওয়ার এই কৌশল ইস্তেহারেও প্রতিফলিত হতে পারে বলে মনে করা হচ্ছে। চতুর্থবার নবান্ন দখলের লড়াইয়ে সাধারণ মানুষের মন জিততে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন কী কী জনদরদী প্রকল্পের ঘোষণা করেন, এখন সেটাই দেখার।