নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

ডিজিটাল প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের জন্য এবার সুসংবাদ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন, ডিজিটাল জালিয়াতির ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ (DEA) তহবিল থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে, যা ১০ বছরের বেশি সময় ধরে দাবিহীন পড়ে থাকা ৮৫ হাজার কোটি টাকার আমানত দিয়ে গঠিত। ডেপুটি গভর্নর স্বামীনাথন জে জানিয়েছেন, এই তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও অর্থনীতির ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
ক্ষতিপূরণের শর্তাবলী:
এই সুবিধার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। একজন গ্রাহক জীবনে একবারই এই ক্ষতিপূরণ পাবেন। জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকের কোনো অসৎ উদ্দেশ্য বা যোগসাজশ ছিল কিনা, তা যাচাই করা হবে। ক্ষতির ১৫% টাকা গ্রাহককে বহন করতে হবে এবং বাকি ৮৫% ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে, যার ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকা।
কেন এই পদক্ষেপ?
আরবিআইয়ের পর্যবেক্ষণ, দেশে প্রায় দুই-তৃতীয়াংশ ডিজিটাল জালিয়াতি ৫০ হাজার টাকার কম অংকের হয়ে থাকে। ফলে ২৫ হাজার টাকার এই সুরক্ষা কবচ বহু সাধারণ মানুষকে স্বস্তি দেবে। গভর্নর মালহোত্রা বলেন, “যদি লেনদেনটি অনিচ্ছাকৃত হয় এবং টাকা খোয়া যায়, তবে কোনো প্রশ্ন ছাড়াই এই টাকা দেওয়া হবে।” প্রবীণ নাগরিকদের সুরক্ষায় নতুন যাচাইকরণ এবং ‘ল্যাগড ক্রেডিট’-এর মতো আরও একগুচ্ছ সুরক্ষা ব্যবস্থা চালু করার ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।