“শুধুই দলদাস! তোমার কি কোনো মন নাই লাল পার্টি?”
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগষ্ট ২০২৫ :-
তিন বছর আগে দলীয় পতাকা আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সিপিআইএমের একনিষ্ঠ কর্মী অমিত রায়(২৮)। জীবন সেদিন থেকেই পুরোপুরি বদলে যায় তার । সেদিনের দুর্ঘটনা যেমন অমিতের একটি পা নিয়ে চলে যায়, তেমনি আরও মর্মান্তিক ভাবে তার সঙ্গী কানু রায় , লাল পার্টির একজন একনিষ্ঠ নেতা, এককথায় হোল্ট টাইমার , তিনি মারা যান । যখন ঘাতক ট্রাক অমিতের একটি পা থেতলে দিয়ে চলে যায় , তখন থেকেই দুর্যোগ শুরু এবং আশ্চর্যজনকভাবে যে দলের লাল পতাকা আনতে গিয়ে এই দুর্ঘটনা , সেই দল তার পাশে দাঁড়ায়নি। শেষ অবধি প্রাণ বাঁচাতে একটি পা কেটে বাদ দিতে হয়েছে অমিতের । সহায় হয়ে কেউ আসেনি । দলের বকলস গলা থেকে টান মেরে ছিঁড়ে ফেললেও মন এখনো সেই লাল মুখী। বাড়িতে একমাত্র বৃদ্ধা মা রসবালা রায়। অন্যের বাড়িতে মজুরী খেটে ছেলেকে বাঁচিয়ে রেখেছেন ।
লাল পার্টিতে বাতিল ঘোড়ার কোনো মূল্য নেই বলে গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত । কিন্তু সেটা হয়নি । এরপর এক পা নিয়ে জীবন মরণের রসদ সংগ্রহের লড়াই শুরু হয় অমিতের। এবং অবিবাহিত অবস্থায় দেখা হয় কল্যানী নামের আরেক লড়াকু মানুষের সঙ্গে । ২০১১ সালে টিউশনি যাবার সময় শালবাড়ীতে দুর্ঘটনায় এক পা হারানো কল্যানী এবং পার্টির কাজে ব্রতী একটি পা কেটে বাদ যাওয়া অমিত , দুজনে দুজনের পরিপূরক হয়ে ওঠে । তাদের বিয়ে হয় । বিধাতার আশ্চর্য লীলায় এক প্রতিবন্ধী অবলম্বন হয়ে ওঠে আরেক প্রতিবন্ধীর ।
বর্তমানে দূরামারি বাজারে লটারি বিক্রি তাদের দুজনার জীবনের রুজিরুটির সামান্য যোগান দিচ্ছে । স্ত্রী কল্যানীর প্রতিবন্ধী ঝুলিতে রাজ্য সরকারের ১ হাজার টাকার মানবিক ভাতা কেবল মাত্র সম্বল । অমিতের আজ অবধি জোটেনি কোনো প্রতিবন্ধী ভাতা, কোনো সুযোগ সুবিধা । হৃদয়ে আজও লাল অধিষ্ঠান করলেও , সেই লাল দল মুখ ফিরিয়েছ বহুদিন আগে । এবং দুর্নীতি ও লাল ফিতের যাঁতাকলে ভাগ্যে জোটেনি প্রতিবন্ধকতার কোনো সাহায্য । তবু দাঁতে দাঁত চেপে যেভাবে পার্টির জন্য গলার শিরা ফুলিয়ে মিছিলে স্লোগান তুলতেন হাতে কাস্তে হাতুড়ি পতাকা নিয়ে , আজই ঠিক সেভাবেই , এক পা নিয়েই জীবন রক্ষার লড়াই লড়ে যাচ্ছেন দুরামারির অমিত , প্রতিবন্ধী স্ত্রী কল্যানীকে সঙ্গে নিয়ে । ” কেউ কথা রাখেনি , কেউ কথা রাখে না ” এই পংক্তি তাঁর জানা। এটাও জানা যে নিজের লড়াই শেষ অবধি একা হয়ে নিজেকেই লড়তে হয় । কিন্তু , একটি মাত্র প্রশ্ন তো এখনও জাগে , “শুধুই দলদাস! তোমার কি কোনো মন নাই লাল পার্টি?”