বসন্তের শুরুতেই ভাইরাসের দাপট: ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

বসন্ত এসে গেছে, কিন্তু তার হাত ধরেই দাপিয়ে বেড়াচ্ছে ভাইরাসের সংক্রমণ। শহরের ঘরে ঘরে এখন মাথাচাড়া দিচ্ছে জ্বর, সর্দি ও কাশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই মরশুমি সংক্রমণে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে এইচওয়ান এন ওয়ান (H1N1) এবং অ্যাডিনো ভাইরাসের জোড়া দাপট চলছে।
আকস্মিক তাপমাত্রার ওঠানামা বা ‘থার্মাল শক’-এর কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফার্স্ট লাইন ডিফেন্স ভেঙে পড়ছে। এর ফলে শ্বাসনালির মিউকাস লেয়ার এবং সূক্ষ্ম লোম (সিলিয়া) সঠিকভাবে কাজ করতে পারছে না, যা ভাইরাস-ব্যাকটেরিয়া প্রবেশের পথ প্রশস্ত করে দিচ্ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট থেকে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সুস্থ মানুষের শরীরে। টনসিল ফুলে যাওয়া, গলা ব্যথা এবং দীর্ঘস্থায়ী কাশি এর অন্যতম প্রধান উপসর্গ।
পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। শিশুদের ক্ষেত্রে বাড়ির তৈরি স্বাস্থ্যকর ও সহজপাচ্য খাবার দেওয়ার কথা বলা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্রতিদিন সকালে হালকা গরম জল পান করা, অতিরিক্ত ধুলোবালি এড়িয়ে চলা এবং ঠান্ডা পানীয় বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভোরের দিকে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় প্রবীণদের আপাতত প্রাতঃভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!