নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

আচমকাই প্লেব্যাক গান ছেড়ে দেওয়ার অরিজিৎ সিংয়ের ঘোষণায় মন খারাপ হয়েছিল তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর। এবার সেই সিদ্ধান্তকে দৃঢ় সমর্থন জানালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তাঁর মতে, একজন শিল্পীর সেরাটা দিতে বিরতি নেওয়া এবং নিজেকে নতুন করে আবিষ্কার করা অত্যন্ত জরুরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি অরিজিৎ সিং এবং স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খানের মঞ্চ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “কখনও কখনও বিরতি নেওয়া খুব প্রয়োজন। বিশেষত একজন শিল্পীর ক্ষেত্রে এটা খুব জরুরি। কারণ একজন শিল্পী কোনো পণ্য নয় যে তাঁকে কারখানায় নিমেষে তৈরি করা যায়। তাঁকে প্রতিটা মুহূর্তে নিজেকে ভাঙতে হয়, গড়তে হয়।” তিনি আরও যোগ করেন, অভিনেতাদের সেরাটা দিতে অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়। এই দীর্ঘ পথে জীবনের অনেক কিছুর স্বাদই তারা উপভোগ করতে পারেন না।
একসময় পঙ্কজ ত্রিপাঠিকেও একের পর এক ছবিতে দেখা যেত। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, কোভিডের আগে ও পরে টানা কাজ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার মনে হয়েছিল, মাসের তিরিশ দিন শুটিংয়ের চাপ নিয়ে কাজ করলে তা সত্যিই ক্লান্তিকর। তিনি আরও অনুভব করেন যে দর্শকদেরও তাকে দেখার জন্য কিছুটা অপেক্ষা করা উচিত। এই ভাবনা থেকেই তিনি কাজের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেন। পঙ্কজ ত্রিপাঠির মতে, কাজে বিরতি নেওয়াটা শিল্পীদের জন্য ভীষণই প্রয়োজনীয় একটি বিষয়, এবং তিনি সবসময়ই এর পক্ষে।