আমিরের আবদারে সিদ্ধান্ত বদল! অবসর ঘোষণার পর জুনেইদ খানের ছবিতে ফিরছেন অরিজিৎ সিং | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

আমিরের আবদারে সিদ্ধান্ত বদল! অবসর ঘোষণার পর জুনেইদ খানের ছবিতে ফিরছেন অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক: জল্পনাই সত্যি হলো। প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করলেও আমির খানের বিশেষ অনুরোধে ফের মাইক হাতে নিলেন অরিজিৎ সিং। গত সপ্তাহে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর হঠাৎ জিয়াগঞ্জ সফর নিয়ে যে কৌতূহলের সৃষ্টি হয়েছিল, সোমবার আমির খান প্রোডাকশনস-এর একটি পোস্টের মাধ্যমে তার অবসান ঘটল। জানা গিয়েছে, আমির খান প্রযোজিত আসন্ন সিনেমা ‘এক দিন’-এর জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।
সদ্যই প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্তের পরেই মুম্বইয়ের ব্যস্ত শিডিউল ফেলে মুর্শিদাবাদে ছুটে আসেন আমির খান। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বহরমপুরের একটি হোটেলে থেকেছেন তিনি। কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা গায়কের স্টুডিওতে সময় কাটানো—সবটাই ছিল এই নতুন কাজের অংশ। প্রাথমিকভাবে আমিরের ‘মহাভারত’ বা শাহরুখের ‘কিং’ ছবি নিয়ে জল্পনা থাকলেও, শেষমেশ জানা গেল আমিরের ছেলে জুনেইদ খান এবং সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ ছবিতেই শোনা যাবে অরিজিতের কণ্ঠ।
আমির খান প্রোডাকশনস-এর পক্ষ থেকে অরিজিৎকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, “তোমার পরিবার এবং তোমার সঙ্গে কাটানো দিনগুলো ছিল ম্যাজিক্যাল। ‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য অনেক ধন্যবাদ।” অরিজিৎ নিজেও আগে জানিয়েছিলেন, আগাম প্রতিশ্রুতি দেওয়া কিছু কাজ তিনি সম্পন্ন করবেন। জুনেইদ খানের এই রোমান্টিক ড্রামাটি সেই তালিকারই অন্যতম। প্রিয় গায়কের কণ্ঠে আবার গান শোনার খবরে উচ্ছ্বসিত ভক্তমহল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!