নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে দেশে ফিরলেন আলিপুরদুয়ারের মনিহার | The 4th Column

নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে দেশে ফিরলেন আলিপুরদুয়ারের মনিহার
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বর ২০২৫ :-

নেপালের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি থেকে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের চার কৃতী ছাত্র। এদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের বারোবিশার মনিহার তালুকদার, জলপাইগুড়ির ময়ুখ ভট্টাচার্য, দিনহাটার শৌভিক চক্রবর্তী এবং ত্রিপুরার স্বপ্নজিৎ চৌধুরী। জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে কাঠমান্ডু গিয়েছিলেন তাঁরা।
গত ৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও নেপালের অস্থিরতার কারণে তাঁরা একটি হোটেলে আটকা পড়েন। প্রায় চার দিন পর, শুক্রবার সকালে নেপাল প্রশাসনের অনুমতি পেয়ে তাঁরা কাঠমান্ডু থেকে রওনা হন। প্রায় ১৪০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগে ছয় ঘণ্টা। নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পথ অতিক্রম করে তাঁরা নেপালের বীরগঞ্জ হয়ে বিহারের রক্সৌল সীমান্তে পৌঁছান।
দেশে ফিরে মনিহার তালুকদার জানান, “এই কয়েকটা দিন চরম উদ্বেগের মধ্যে কেটেছে। এখন শুধু বাড়ি ফিরে শান্তি পেতে চাই।” তাঁদের আলিপুরদুয়ার পৌঁছাতে শনিবার সকাল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ছাত্রদের নিরাপদে ফিরে আসায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!