মধু চা বাগানে প্রতিবেশী বিবাদের জেরে খুন, অভিযুক্ত গ্রেফতার
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর ২০২৫ :-
আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানে প্রতিবেশী বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। নিহতের নাম রঞ্জিত কেরকাট্টা (৫২)। এই ঘটনায় অভিযুক্ত বিজয় এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাগানেরই বাসিন্দা বিজয় এক্কার সঙ্গে রঞ্জিত কেরকাট্টার বচসা শুরু হয়। বিবাদ চলাকালীন বিজয় এক্কা ধারালো অস্ত্র দিয়ে রঞ্জিতকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রঞ্জিত এবং তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত বিজয় এক্কাকে আটক করেছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে এই বিবাদের সূত্রপাত, তা খতিয়ে দেখছে পুলিশ।