উত্তরবঙ্গের চা বাগানে কাটল অচলাবস্থা, অবশেষে খুলছে কোহিনুর
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৬ আগষ্ট ২০২৫ :-

আলিপুরদুয়ার: বকেয়া মজুরি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (PF) এবং গ্র্যাচুইটির দাবিতে গত মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের শামুকতলার কোহিনুর চা বাগানে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শ্রমিকরা। এর ফলে ভরা মরশুমে বাগান বন্ধ হয়ে যাওয়ায় তীব্র অচলাবস্থা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাগান কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই অচলাবস্থা কাটল। রবিবার থেকে ফের খুলছে কোহিনুর চা বাগান।
শ্রমিকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল বকেয়া মজুরি, PF এবং গ্র্যাচুইটি নিয়ে। এছাড়া, মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটির দাবিও ছিল। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেও সুরাহা না হওয়ায় গত সপ্তাহে বিক্ষুব্ধ শ্রমিকরা বাগানে তালা মেরে দেন।
বাগান ম্যানেজার প্রিয়ব্রত ভদ্র জানান, শ্রমিকদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যেই শ্রমিকদের পাওনা বাবদ মাথাপিছু ৫০০ টাকা স্বাধীনতা দিবসের দিন দেওয়া হয়েছে।” এছাড়া, মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রিয়ব্রত ভদ্র আরও বলেন, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত জটিলতা কাটানোর জন্য জলপাইগুড়ির রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে।
বর্তমানে এই বাগানে মোট ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। বাগান কর্তৃপক্ষের এই আশ্বাসে খুশি শ্রমিকরা। তাঁদের আশা, এবার নিয়মিতভাবে তাঁরা তাঁদের প্রাপ্য বুঝে পাবেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর হবে না। এই অচলাবস্থা কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কোহিনুর চা বাগানের শ্রমিক মহল।