ভুতুড়ে হাড়গোড় পাচার চক্রের পর্দা ফাঁস: ভুটানের তন্ত্রসাধনায় ব্যবহৃত মানবদেহের দেহাংশ, জয়গাঁ থেকে গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১২সেপ্টেম্বর ২০২৫ :-
আলিপুরদুয়ারে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের পাশাপাশি এবার মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। শুক্রবার জয়গাঁ থানার পুলিশ এক বিশাল মানবদেহের হাড়গোড়ের চালান আটক করে, যা প্রতিবেশী দেশ ভুটানে তন্ত্র সাধনায় ব্যবহারের জন্য পাচার হচ্ছিল। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে শুক্রবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন জয়গাঁর বাসিন্দা রাকেশ প্রসাদ এবং হাসিমারার বাসিন্দা বিশাল কুমার শাহ। জানা গেছে, তারা উত্তরপ্রদেশের একটি শ্মশান থেকে এই বিপুল পরিমাণ হাড়গোড় সংগ্রহ করে তা ভুটানে পাচারের ছক কষেছিল। গোপনসূত্রে খবর পেয়ে জয়গাঁর ভানুভক্ত মোড় এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় এক ব্যাগ ভর্তি হাড়গোড়সহ ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাচারের আসল উদ্দেশ্য বেরিয়ে আসে।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে ভুটানে এই ধরনের হাড়গোড়ের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে তন্ত্রবিদ্যায় এগুলি ব্যবহৃত হয়। উদ্ধার হওয়া মানবদেহের দেহাংশের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।
জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মানবদেহের দেহাংশ ভুটানে পাচার করার ছক পুলিশ বানচাল করে দিয়েছে। পাচারে যুক্ত দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।”
বর্তমানে অভিযুক্তদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই পাচার চক্রের সঙ্গে কোনো আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা। এছাড়াও, ধৃতরা এর আগেও একই কায়দায় মানবদেহের দেহাংশ পাচার করেছে কিনা, তাও তদন্তকারী পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই ঘটনা উত্তরবঙ্গের ভারত-ভুটান সীমান্তে এক নতুন ধরনের পাচারের চক্রের ইঙ্গিত দিচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।