আলিপুরদুয়ারে জাল পরিচয়পত্র চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার এক যুবক
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৪ সেপ্টেম্বর ২০২৫ :-
বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার ও ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সহায়তায় বুধবার গভীর রাতে ফালাকাটা শহরের আশুতোষ পল্লি এলাকা থেকে ওই যুবককে জালে তোলা হয়। ধৃতের নাম টোটোন বণিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা হাটখোলার সুপার মার্কেটে একটি সাইবার ক্যাফে চালাত টোটোন। সম্প্রতি দিল্লিতে বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক জাল আধার ও ভোটার কার্ড। ওই কার্ডগুলি পরীক্ষা করে দেখা যায়, সেগুলি তৈরি করতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। সেই সফটওয়্যার যাচাই করেই ফালাকাটার টোটোন বণিকের মোবাইল নম্বরের হদিশ পায় দিল্লি পুলিশ।
এরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল বুধবার রাতে রাজ্য পুলিশের এসটিএফকে সঙ্গে নিয়ে ফালাকাটায় পৌঁছায়। গভীর রাতে যৌথ অভিযানে আশুতোষ পল্লি থেকে টোটোনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ধৃত যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয় এবং ট্রানজিট রিমান্ডে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আধার ও ভোটার কার্ড জালিয়াতির অভিযোগে ফালাকাটার ওই যুবককে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে।”