পুজোর আগেই আলো ঝলমলে ফালাকাটা, ৯০ লক্ষ টাকার এলইডি আলো বসানোর কাজ শুরু
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ফালাকাটা, আলিপুরদুয়ার, ২৭ আগষ্ট ২০২৫:
— প্রতীকী ছবি
সামনেই দুর্গাপূজা। তার আগেই নতুন আলোর সাজে সেজে উঠতে চলেছে ফালাকাটা শহর। প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে শহরের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা এলইডি আলোয় আলোকিত করার উদ্যোগ নিয়েছে ফালাকাটা পুরসভা। ‘গ্রিন সিটি মিশন’-এর আওতায় এই কাজটি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে টেন্ডার প্রক্রিয়া বারবার বাতিল হওয়ার পর অবশেষে এই কাজে সাফল্য এসেছে।
পুরসভা সূত্রে খবর, শহরের নেতাজী রোড থেকে শুরু করে থানা রোড হয়ে মিল রোড পর্যন্ত, পার্ক রোড এবং কলেজপাড়া থেকে বালা তোর্সা সেতু পর্যন্ত মোট তিনটি রাস্তায় এই নতুন পথবাতি বসানো হবে। এই রাস্তাগুলোতে প্রায় ২৫০টি স্টিলের পোল বসানো হবে, যেগুলিতে ৪৫ ওয়াটের এলইডি আলো ডায়াগোনাল বা কোনাকুনি ভাবে স্থাপন করা হবে।
এছাড়াও, শহরের ১৮টি ওয়ার্ডের অলিগলিতেও আলো পৌঁছাবে। সেখানে প্রায় ১৪০০টি ৩৫ ওয়াটের এলইডি লাইট বসানোর পরিকল্পনা রয়েছে। এতে শহরের বেশিরভাগ অংশই আলোকিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, “দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর অবশেষে আমরা সফল হয়েছি। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং ঠিকাদার সংস্থাকে স্টিলপোলের পথবাতি লাগানোর জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন যে এই প্রকল্পটি সম্পন্ন হলে শহরের সিংহভাগ অংশ আলোকিত হয়ে উঠবে এবং বাসিন্দারা এর সুফল পাবেন।
নয় বার টেন্ডার প্রক্রিয়া বাতিল হওয়ার পর এই কাজটি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। পূজার আগে শহর নতুন রূপে সেজে উঠবে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।