নদীতে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১৩ বছরের বালকের , শোকের ছায়া এলাকায়
নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১ সেপ্টেম্বর ২০২৫ :
আলিপুরদুয়ার জেলার গদাধর নদীতে (Gadadhar River) ডুবে মৃত্যু হল ১৩ বছর বয়সী রাজদীপ দেবনাথের (Rajdeep Debnath)। সে পশ্চিম বড়ো চৌকির গোলাবাড়ি এলাকার বাসিন্দা এবং নিত্যানন্দ দেবনাথের একমাত্র ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, শনিবার বিকেলে খেলা শেষে বাড়ি ফিরছিল রাজদীপ। পথে গদাধর নদীতে পড়ে যায় সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের একটি দল। শনিবার ও রবিবার দিনভর নদীতে চিরুনি তল্লাশি চালানো হয়। সোমবার সকাল ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পশ্চিম বড়ো চৌকির গোলাবাড়ি এলাকায় নদীর জলে একটি দেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।
রাজদীপ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার দুটি ছোট বোন আছে। পরিবারের একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে তার বাবা-মা ও অন্য সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। এই অকালমৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।