নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ মার্চ ২০২৬ :

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই আলিপুরদুয়ার জেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে জেলা প্রশাসন। আগামী ২৩ এপ্রিল জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার ভোট গ্রহণ। আলিপুরদুয়ারের ভৌগোলিক অবস্থান এবং ঘন বনাঞ্চল হওয়ার দরুণ ভোটের দিনগুলোতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের সুরক্ষার বিষয়টিও প্রশাসনের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা ও আলিপুরদুয়ারের বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে বন্যপ্রাণীর হানা রুখতে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা শাসক ময়ূরী ভাসুর নেতৃত্বে সম্প্রতি বনদপ্তর ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত বুথ গভীর বনাঞ্চল বা বন্যপ্রাণী অধ্যুষিত এলাকায় অবস্থিত, সেখানে ভোটের আগে ও পরে বিশেষ নজরদারি চালানো হবে। বন লাগোয়া এই বুথগুলোকে সুরক্ষিত রাখতে আগামী ২২ এপ্রিল থেকেই কুনকি হাতি মোতায়েন করা হচ্ছে। বনকর্মীরা কুনকি হাতির পিঠে সওয়ার হয়ে দিনরাত পাহারার কাজ চালাবেন যাতে বুথে ভোটার বা ভোটকর্মীদের ওপর কোনও বন্য হাতির হামলা না ঘটে।
এর পাশাপাশি, বনাঞ্চলের ভেতরের বুথগুলোতে পর্যাপ্ত আলোর অভাব অনেক সময় বন্যপ্রাণীদের বুথ প্রাঙ্গণে ঢোকার সুযোগ করে দেয়। এই সমস্যা মেটাতে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে ছায়াচ্ছন্ন ও সংবেদনশীল বুথগুলোতে দ্রুত আলোর পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য। মঙ্গলবার জেলা শাসক জানান, “আমরা বনাঞ্চল সংলগ্ন বুথগুলোর একটি নির্দিষ্ট তালিকা বনদপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে দিচ্ছি, যাতে তারা সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমলও জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ অনুযায়ী বনদপ্তর সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত।