বাজারদরে লাগাম টানতে আলিপুরদুয়ারে টাস্ক ফোর্সের হানা, ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিল প্রশাসন | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ এপ্রিল ২০২৬ :

আলিপুরদুয়ার: বিধানসভা ভোটের আবহে যখন উত্তপ্ত রাজনৈতিক ময়দান, ঠিক তখনই সাধারণ মানুষের হেঁশেলে স্বস্তি ফেরাতে ময়দানে নামল জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল থেকেই আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে ঝটিকা অভিযান চালাল ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স। মূলত পাইকারি ও খুচরো বাজারের দরের ব্যবধান খতিয়ে দেখতেই এই বিশেষ পদক্ষেপ।
এদিন সকাল ৯টা নাগাদ টাস্ক ফোর্সের আধিকারিকেরা আলিপুরদুয়ারের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার— ফালাকাটা রোডের কিষান মান্ডি, আলিপুরদুয়ার বড় বাজার এবং নিউটাউন বাজারে পরিদর্শন করেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের থেকে কেনা দাম এবং সাধারণ ক্রেতাদের দেওয়া দামের মধ্যে কোনো অস্বাভাবিক ফারাক আছে কি না তা যাচাই করা। মাঝপথে ‘মিডলম্যান’ বা ফড়েরা অতিরিক্ত মুনাফা লুটছে কি না, সেদিকেও কড়া নজর ছিল আধিকারিকদের।
সবজি থেকে শুরু করে মাছ এবং ডিম— প্রতিটি ক্ষেত্রেই পাইকারি ও খুচরো দরের সামঞ্জস্য পরীক্ষা করা হয়। বাজার পরিদর্শন শেষে প্রশাসনের আধিকারিকেরা জানান, অধিকাংশ ব্যবসায়ী সঠিক দামেই পণ্য বিক্রি করছেন। তবে বেশ কিছু ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে বলছেন বলে ধরা পড়েছে। তাঁদের তৎক্ষণাৎ কড়া ভাষায় সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমনটা হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বাজারদরের পাশাপাশি এদিন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করা হয়। যাঁদের লাইসেন্স নেই বা নথিতে ত্রুটি রয়েছে, তাঁদের দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র শহর নয়, আগামী দিনে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকের গুরুত্বপূর্ণ বাজারগুলোতেও এই ধরনের নজরদারি চলবে। ভোটের মরসুমে অসাধু উপায়ে বাজারদর বৃদ্ধি রুখতে জেলা টাস্ক ফোর্স সদা তৎপর থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!