আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মহিলা
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১১ই এপ্রিল ২০২৫ :-

আলিপুরদুয়ারে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃপ্তি গুহ নামে ৫৮ বছর বয়সী এক মহিলা। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) সকাল সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জংশন এবং বামনহাট যাওয়ার রেল লাইনের ওপর। মৃত মহিলা আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিধান পল্লীর বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃপ্তি গুহ বাজার করে বাড়ি ফিরছিলেন। হাতে বাজারের ব্যাগ নিয়ে রেল লাইন পার করার সময় বামনহাট থেকে আলিপুরদুয়ার জংশনগামী একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলিপুরদুয়ার জংশনের আর পি এফ ইনচার্জ দামোদর কলিতা এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, সম্ভবত বাজার সেরে একটি গলি পথ ধরে এসে ওই মহিলা অসাবধানতাবশত রেল লাইন পার করছিলেন এবং ট্রেন আসার শব্দ শুনতে পাননি।
পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে ।