নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ারে পুলিশের সাফল্য: চুরি হওয়া টোটোসহ গ্রেফতার জংশন এলাকার যুবক
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: শহর ও সংলগ্ন এলাকায় চুরির উপদ্রব রুখতে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। চুরি যাওয়া একটি টোটো উদ্ধার করার পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজা বর্মন (২৯)। সে আলিপুরদুয়ার জংশন সংলগ্ন শান্তি কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে এলাকা থেকে একটি টোটো চুরির অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে আলিপুরদুয়ার থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে পাকড়াও করা হয় অভিযুক্ত রাজাকে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকেই চুরি হওয়া টোটোটি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই চুরির পিছনে কোনো বড়সড় আন্তঃরাজ্য পাচার চক্র সক্রিয় কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।