আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে চা শ্রমিকদের পিএফ সমস্যা নিয়ে তৃণমূলের পদযাত্রা
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার ,২ এপ্রিল ২০২৫ :
চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংক্রান্ত সমস্যা সমাধানে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক সংগঠন। আগামী ৮ই এপ্রিল ডুয়ার্সের শেষ প্রান্ত আলিপুরদুয়ার জেলার সংকোষ চা বাগান এবং জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকে পৃথক দুটি পদযাত্রা শুরু করবে সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।
তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন। তারা জানান, পিএফ অফিস দালাল চক্রে ভরে উঠেছে এবং বহু চা বাগান নিয়মিতভাবে শ্রমিকদের পিএফ জমা করছে না। অথচ পিএফ দফতর এই বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই সমস্ত অভিযোগ তুলে ধরেই তাদের এই চার দিনের পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ই এপ্রিল আলিপুরদুয়ারের সংকোষ থেকে শুরু হওয়া পদযাত্রা এবং জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে আসা পদযাত্রাটি জলপাইগুড়ি জেলার গয়েরকাটা এলাকায় মিলিত হবে। এরপর সম্মিলিতভাবে পদযাত্রাটি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে।
পরের দিন, অর্থাৎ ১১ই এপ্রিল, পদযাত্রীরা জলপাইগুড়ির পিএফ অফিসে গিয়ে তাদের বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করবেন।
সাংবাদিক সম্মেলনে তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়নের নেতারা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের পিএফ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পিএফ দফতরকে জানিয়ে এসেছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে হচ্ছে। আমরা আশা করছি, এই পদযাত্রার মাধ্যমে পিএফ দফতরের টনক নড়বে এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”
এই পদযাত্রা চা বাগান এলাকার শ্রমিকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পিএফ সংক্রান্ত জটিলতায় ভোগা শ্রমিকরা এই পদযাত্রার মাধ্যমে তাদের সমস্যার সমাধানে নতুন করে আশার আলো দেখছেন। এখন দেখার বিষয়, তৃণমূলের এই পদক্ষেপ পিএফ দফতরের উপর কতটা প্রভাব ফেলে এবং শ্রমিকদের সমস্যার সমাধানে কতটা সহায়ক হয়।