নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ মার্চ ২০২৬, আলিপুরদুয়ার:

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটল চওড়া হতে শুরু করেছে। দলের টিকিট বণ্টন এবং নবাগতদের গুরুত্ব দেওয়া নিয়ে পুরনো ও পোড়খাওয়া নেতাদের ক্ষোভ ক্রমাগত আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা তথা বর্ষীয়ান নেতা মৃদুল গোস্বামীর একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে জেলায় রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।
মৃদুল বাবু তাঁর পোস্টে লিখেছেন মাত্র চারটি শব্দ— “অবহেলা,,, অসম্মান,,, বিপদ বার্তা”। রাজনৈতিক মহলের মতে, এই চার শব্দেই তিনি দলের বর্তমান পরিস্থিতির প্রতি নিজের তীব্র অনীহা ও আসন্ন বিপদের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, আলিপুরদুয়ার আসনে তৃণমূল এবার প্রার্থী করেছে বিজেপি থেকে আসা বিদায়ী বিধায়ক সুমন কাঞ্জিলালকে। তাঁকে ঘিরে জেলা জুড়ে বর্ণাঢ্য পরিচয় অনুষ্ঠান হলেও, দলের পুরনো কর্মীদের একাংশ যে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না, তা এখন স্পষ্ট। কোথাও যেন গোটা শহর জুড়ে তৃণমূলের অন্দরে বাজছে চাপা হতাশার সুর। যার প্রতিফলন দেখা যাচ্ছে দু একজন জেলা শীর্ষ নেতার আচমকা সোশ্যাল মিডিয়া পোস্টে । সুমন বাবুর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর পরই প্রার্থী পদের অন্যতম দাবিদার গত নির্বাচনের তৃণমূলের পরাজিত প্রার্থী সৌরভ চক্রবর্তীর কটাক্ষ পোস্ট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ইতিমধ্যেই । এবং আজকের মৃদুল বাবুর এই পোস্ট আরও ক্ষোভের আগুন উসকে দিয়েছে ।
প্রসঙ্গত : কয়েকদিন আগে সুমন কাঞ্জিলালের নাম ঘোষণার পরেই গত নির্বাচনের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী একটি কটাক্ষমূলক পোস্ট করেছিলেন, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার মৃদুল গোস্বামীর মতো অভিভাবকতুল্য নেতার এই ‘বিপদ বার্তা’ দলের শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, তবে কি আলিপুরদুয়ারে তৃণমূলের পুরনো কাণ্ডারীরা ব্রাত্য হয়ে পড়ছেন? নবাগতদের ভিড়ে কি হারিয়ে যাচ্ছে দলের আদি আদর্শ? প্রবীণ নেতাদের বাদ দিয়েই কি তবে চলবে আলিপুরদুয়ার তৃণমূলের নির্বাচনী যাত্রা ? অবহেলা আর অসম্মানের বদলে দলের এই পুরাতন কান্ডারীরা কি তবে হাত গুটিয়ে ঘর বন্দী হয়েই থাকবেন ? তাতে যে নির্বাচনী বৈতরণী পার করা বিপদজনক হতে পারে, মৃদুল বাবুর এই চার শব্দের পোস্ট সম্ভবত সরাসরি এই বার্তাই দিচ্ছে, সেটা বলাই বাহুল্য ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরনো কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে না পারলে আলিপুরদুয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়া তৃণমূলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মৃদুল বাবুর এই পোস্ট সরাসরি সেই সংকেতই দিচ্ছে। এখন দেখার, জেলা নেতৃত্ব এই ‘বিপদ’ সামলাতে কী পদক্ষেপ নেয়, নাকি ক্ষোভের এই আগুন দলকে আরও কোণঠাসা করে ফেলে।