নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ মে ২০২৬ :

ফালাকাটা, ২১ মে: সাতসকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত চা শ্রমিকের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত কাদম্বিনী চা বাগানে। নিহত বৃদ্ধের নাম সঞ্চারোয়া খড়িয়া (৬৭)। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গেছে, আজ ভোরবেলা থেকেই এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির মধ্যেই মাথায় ছাতা নিয়ে প্রতিদিনের মতো প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন সঞ্চারোয়া বাবু। তিনি যখন কাদম্বিনী চা বাগানের লোহা লাইন সংলগ্ন ২৯ নম্বর সেকশন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি বুনো দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে আচমকা তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি মুহূর্তের মধ্যে ওই বৃদ্ধকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে ফেলে। ঘটনাস্থลেই মৃত্যু হয় তাঁর।
প্রতিবেশীদের দাবি, বয়সজনিত কারণে ওই বৃদ্ধ কানে বেশ কম শুনতেন। হাতিটি যখন তাঁর সামনে চলে আসে, তখন দূর থেকে অন্যান্যরা চিৎকার করে তাঁকে সাবধান করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু কানে কম শোনার কারণে তিনি সেই সতর্কবার্তা শুনতে পাননি এবং হাতির একেবারে সামনে চলে যান। চা বাগানের কর্মী নিরশন ঝা ক্ষোভ ও আফসোস প্রকাশ করে বলেন, “কানে কম শোনাটাই কাল হলো ওই বৃদ্ধের। আমরা বিগত কয়েকদিন ধরেই রাত নামলেই হাতির হানায় জেরবার হচ্ছি। এলাকায় সবসময় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।”
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকেরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে হাতির এই তাণ্ডবে ক্ষুব্ধ বাগানের শ্রমিকরা স্থায়ী সুরক্ষার দাবি জানিয়েছেন।