সরকারি হাসপাতালে দুর্গা – কালী পূজা চাঁদা তোলার সিন্ডিকেট : ফাঁস হলো ফতোয়া – চিরকুট |The 4th Column

সরকারি হাসপাতালে দুর্গা – কালী পূজা চাঁদা তোলার সিন্ডিকেট : ফাঁস হলো ফতোয়া – চিরকুট

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৬ সেপ্টেম্বর:

সরকারি হাসপাতালে দুর্গাপূজা ও কালীপূজার চাঁদা তোলার জন্য ‘সিন্ডিকেট’ তৈরির ফতোয়া জারি করা একটি চিরকুট ঘিরে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। জেলার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হওয়া ওই চিরকুটে মোটা অঙ্কের চাঁদা তোলার কথা বলা হয়েছে বলে অভিযোগ।

যদিও ‘দ্য ফোর্থ কলাম’ ওই চিরকুটের সত্যতা যাচাই করেনি, তবে একটি সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে চাঁদা আদায়ের জন্য ‘সিন্ডিকেট’ শব্দটি ব্যবহার হওয়ায় রাজ্যের বিভিন্ন মহলে বিতর্ক ছড়িয়েছে। এই প্রসঙ্গে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপার কৌশিক গড়াইয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে হাসপাতালের এক নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমাদের হাসপাতালে কোনো পুজো হয় না। আমরা প্রতি বছর এলাকার পুজো কমিটিগুলোকে সাহায্য করার জন্য পদ অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য চাঁদা ধার্য করি এবং তা একত্রিত করে পুজো কমিটিগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, “সিন্ডিকেট শব্দটি খুবই আপত্তিকর। ওই শব্দ সাধারণত বালি পাথরের কারবারে ব্যবহৃত হয়। ওই শব্দ ব্যবহার করা অত্যন্ত অনুচিত কাজ হয়েছে।” এই ঘটনাকে ঘিরে স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!