টিট ফর ট্যাট : স্ত্রী পালিয়েছে পরকীয়ায়, শ্রাদ্ধ করে পংক্তিভোজন করালেন স্বামী | The 4th Column

আলিপুরদুয়ারে চাঞ্চল্য: ৫ বছরের সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালানো স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী!
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১ এপ্রিল ২০২৫ :

আলিপুরদুয়ার জেলার দক্ষিণ সলসলাবাড়ির বিশ্বাস পাড়ায় এক অভূতপূর্ব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইন্দ্রজিৎ দাস নামে এক ব্যক্তি তার জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী পাঁচ বছরের একটি সন্তানকে রেখে সম্প্রতি তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। স্ত্রীর এমন কাণ্ডে ক্ষুব্ধ স্বামী এই পদক্ষেপ নিয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। উৎসুক প্রতিবেশীরা ইন্দ্রজিৎ দাসের বাড়িতে ভিড় করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ দেখার জন্য। সকলের মুখেই একই আলোচনা – এমন ঘটনা আগে কখনো শোনা যায়নি।
ইন্দ্রজিৎ দাস রীতিমতো পুরোহিত ডেকে মন্ত্র পাঠের মাধ্যমে তার স্ত্রীর শ্রাদ্ধকার্য সম্পন্ন করেন। স্ত্রীর ছবিতে মালা পরানো হয় এবং হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়।
এই বিষয়ে ইন্দ্রজিৎ দাস জানান, “আমার স্ত্রী স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছিল। আমাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। সেই সন্তানকে ফেলে রেখে যখন সে অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারল, তখন এই বাড়িতে তার আর কোনো স্থান নেই। সেই কারণেই আমি পুরোহিত ডেকে তার শ্রাদ্ধ করেছি।”
স্থানীয় বাসিন্দারা ইন্দ্রজিৎ দাসকে তার এই কাজ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন। তবে তিনি কারো কোনো কথা শোনেননি। শ্রাদ্ধানুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীদের ভোজনও করান।
ইন্দ্রজিৎ দাস আরও জানান যে তিনি তার সন্তানকে জানিয়ে দিয়েছেন তার মা আর এই পৃথিবীতে নেই। সন্তানকেও এই কঠিন সত্যি মেনে নেওয়ার জন্য প্রস্তুত করছেন তিনি।
এই ঘটনাটি দক্ষিণ সলসলাবাড়ি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে সাধারণত কোনো ব্যক্তির মৃত্যুর পরই তার শ্রাদ্ধ করা হয়, সেখানে একজন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার ঘটনা নজিরবিহীন। ইন্দ্রজিৎ দাসের এই পদক্ষেপ তার ক্ষোভ এবং হতাশার চরম বহিঃপ্রকাশ বলেই মনে করছেন এলাকার মানুষজন। তবে, একজন জীবিত ব্যক্তির শ্রাদ্ধ করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!