জারুল রাভা, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৪ মে ২০২৬ :-

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সোনাপুর ফাঁড়ির পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মোবাইল প্যাট্রোলিং ডিউটির সময় পুঁটিমারি মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম টর্জুন সরকার (২১) ও মার্তিক দে (১৮) (উভয়ের নাম পরিবর্তিত)। উভয়েই কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত শীলডাঙ্গা বাজারের দোলনের কুঠির এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় টহলদারির সময় পুঁটিমারি মোড়ে দুই যুবককে দুটি বড় ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন পুলিশ কর্মীরা। তাঁদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ থামিয়ে তল্লাশি চালায়। সেই সময় তাঁদের ব্যাগ থেকে ১৩টি নতুন প্যাক করা মোবাইল ফোন, ৫টি চার্জার, ৫২টি টেম্পারড গ্লাস এবং মেরামতির জন্য রাখা আরও ৩টি মোবাইল উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা কবুল করেছে যে, এই সমস্ত সামগ্রী তারা হিন্দুস্থান মোড় ও পার্শ্ববর্তী এলাকা থেকে চুরি করেছিল। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ চোরাই সামগ্রী তারা জয়গাঁওয়ের ফুটপাথের দোকানগুলিতে বিক্রি করার পরিকল্পনা করেছিল। পুলিশ ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।