আলিপুরদুয়ারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের আবেদন গ্রহণ শুরু, তুঙ্গে রাজনৈতিক তরজা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা ‘ডিলিটেড’ ভোটারদের পুনরায় নাম তোলার প্রক্রিয়ায় সরগরম আলিপুরদুয়ার। এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে, তাদের ট্রাইব্যুনালে শুনানির জন্য বুধবার থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করল জেলা প্রশাসন। শহরের রবীন্দ্রভবনে এই আবেদন জমা নেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, প্রথম দিনেই ৭০০টি আবেদন জমা পড়েছে এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬০০-তে।
তবে এই প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রবীন্দ্রভবন চত্বরে কার্যত একক আধিপত্য বজায় রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাদ পড়া ভোটারদের আইনি সহায়তা দিতে সেখানে ও জেলা দলীয় কার্যালয়ে পৃথক হেল্প ডেস্ক এবং লিগ্যাল সেল খুলেছে তারা। তৃণমূলের বিএলএ-১ তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, “নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশে বেছে বেছে ভূমিপুত্র, সংখ্যালঘু ও রাজবংশীদের নাম বাদ দেওয়া হচ্ছে।” তিনি দাবি করেন, বিজেপি চায় না এদের নাম তালিকায় থাকুক, তাই তারা সহায়তায় এগিয়ে আসছে না।
পাল্টা জবাবে বিজেপির জেলা সহ-সভাপতি রাজু ঘোষ এই অভিযোগকে ‘ডাহা মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা এবং এই প্রক্রিয়ার সাথে দলের কোনো যোগ নেই। তিনি আরও জানান, রবীন্দ্রভবনে না হলেও দলীয় কার্যালয় থেকে ভোটারদের আইনি সাহায্য করা হচ্ছে। অন্যদিকে, সিপিএম জেলা সম্পাদক কিশোর দাসের দাবি, তাঁরা তৃণমূলের মতো ‘লোক দেখানো’ প্রচার না করে রেড ভলান্টিয়ার্সদের মাধ্যমে নিভৃতে ভোটারদের সাহায্য করে যাচ্ছেন। সব মিলিয়ে, ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে এখন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক দড়ি টানাটানিও চরমে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!