নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ :

প্রেমের টানে ঘরছাড়া দুই নাবালিকা বোন, মোবাইলের লোকেশন ধরে কুশমণ্ডী থেকে উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ
আলিপুরদুয়ার: শিবচতুর্দশীতে মন্দিরে জল ঢালতে যাওয়ার নাম করে নিখোঁজ হওয়া দুই নাবালিকা বোনকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশের শামুকতলা থানা। রহস্যজনক এই অন্তর্ধানের কিনারা করে বুধবার ওই দুই কিশোরীকে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডী থেকে উদ্ধার করে আলিপুরদুয়ারে নিয়ে আসা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, কোনো পাচার নয়, বরং প্রেমের টানেই বাড়ি ছেড়েছিল দশম ও সপ্তম শ্রেণির দুই পড়ুয়া।
ঘটনার সূত্রপাত: সোমবার শিবচতুর্দশী উপলক্ষে উপবাস করেছিল ওই দুই বোন। সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ৩১ সি জাতীয় সড়ক সংলগ্ন একটি শিব মন্দিরে যাওয়ার কথা বলে তারা বের হয়। পরিবারের মা দ্রুত ফিরে আসার কথা বললেও সন্ধ্যা গড়িয়ে রাত নামলে তারা আর বাড়ি ফেরেনি। গভীর রাতে মেয়েদের মা শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে শামুকতলা থানার চার সদস্যের একটি বিশেষ টিম।
তদন্তের মোড়: অত্যন্ত দরিদ্র পরিবারের এই মেয়েদের পড়াশোনার জন্য কষ্টে একটি মোবাইল কিনে দিয়েছিলেন মা-বাবা। নিখোঁজ হওয়ার পর থেকে সেই ফোনটি বন্ধ থাকায় উদ্বেগ বেড়েছিল। পুলিশ পাচারের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছিল না। তবে শেষ পর্যন্ত বন্ধ থাকা মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কুশমণ্ডীতে তাদের হদিস পায় পুলিশ। জানা গেছে, দুই বোনই প্রেমের টানেই সুদূর কুশমণ্ডীতে চলে গিয়েছিল।
শামুকতলা থানা এলাকায় গত ছয় মাসে প্রায় ১২টি এই ধরনের ঘর ছাড়ার ঘটনা ঘটেছে, যার প্রতিটি ক্ষেত্রেই পুলিশ মেয়েদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। আলিপুরদুয়ার জেলা পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।