নিজস্ব প্রতিবেদক,দ্যা ফোর্থ কলাম, শামুকতলা, আলিপুরদুয়ার, ৩০ এপ্রিল ২০২৬ :

চা বাগানে কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৮ বছর বয়সী চা শ্রমিক অমর মহালি। বৃহস্পতিবার সকালে ধওলা চা বাগানে কাজ করার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকাল ৭টায় নিজের বাড়ি থেকে ধওলা চা বাগানে কাজে গিয়েছিলেন অমর বাবু। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি নিজেই বাড়িতে ফোন করে তার আহত হওয়ার খবর দেন। পরিবারের সদস্যরা জানান, সেই সময় তিনি চা বাগানের ধারের বেড়া পরিষ্কারের কাজ করছিলেন। বেড়ার পাশেই একটি গভীর নালা ছিল। কাজ করার সময় আচমকাই পা পিছলে তিনি নালার দিকে পড়ে যান। সেই মুহূর্তে তার হাতে একটি ধারালো অস্ত্র ছিল। পতনের সময় সেই ধারালো অস্ত্রটি তার ডান পাশের কুঁচকি দিয়ে ঢুকে গোপনাঙ্গ দিয়ে এপার-ওপার হয়ে যায়।
অত্যন্ত সাহসিকতা ও যন্ত্রণার সাথে তিনি নিজেই সেই ধারালো অস্ত্রটি শরীর থেকে বের করেন এবং সাথে থাকা গামছা দিয়ে ক্ষতস্থানটি বেঁধে ফেলেন। এরপর নিজেই ফোন করে পরিবারকে দুর্ঘটনার কথা জানান। খবর পেয়ে বাগানের অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে দ্রুত শামুকতলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু পরিবারের দাবি, আলিপুরদুয়ার নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জেলা হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত অমর মহালি পেশায় চা শ্রমিক ছিলেন। তার স্ত্রীও চা বাগানেই কাজ করেন। পরিবারে তার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে। উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং এই ভয়াবহ দুর্ঘটনার আকস্মিকতায় পরিবারটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।