বাইকে এসডিপিও-র গাড়ির ধাক্কা, গুরুতর জখম দুই আরোহী
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৬ নভেম্বর ২০২৬ :-

মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যাওয়ার পথে বাইকে ধাক্কা লাগল আলিপুরদুয়ারের এসডিপিও রাহুল বর্মনের গাড়ির। সোমবার লোকনাথপুর সংলগ্ন রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন বাইকের দুই আরোহী। অক্ষত রয়েছেন এসডিপিও ও তাঁর চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার কুমারগ্রামের রায়ডাক চা বাগানে মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের কনভয় যাচ্ছিল। সেই কনভয়েই ছিল এসডিপিও-র গাড়ি। পথে উল্টো দিক থেকে আসা বাইকটির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়।
কনভয়ে থাকা পুলিশকর্মী ও আধিকারিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ ও কোন পরিস্থিতিতে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।