আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, এশিয়ান হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ | The 4th Column

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, এশিয়ান হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার ৬ আগষ্ট ২০২৫ :

— প্রতীকী ছবি

আলিপুরদুয়ারের মাদারিহাটে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। শুক্রবার সন্ধ্যায় মাদারিহাট থানার সামনে একটি লরি পিষে দেয় উত্তম ছেত্রী (৩৬) নামের এক স্থানীয় যুবককে। দুর্ঘটনার পর লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এশিয়ান হাইওয়েতে অনিয়ন্ত্রিত গতির কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উত্তম ছেত্রী নিজের মোটরবাইক নিয়ে মাদারিহাট থানার সামনে থেকে বাজারের দিকে বাঁক নিচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি দুর্ঘটনার পর হাসিমারার দিকে দ্রুত পালিয়ে যায়।
এই দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযোগ করেন, জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া এই এশিয়ান হাইওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেই। এর ফলে শুধু মানুষ নয়, বন্যপ্রাণীরাও প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয়দের এই ক্ষোভের পর পুলিশ ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এই ধরনের দুর্ঘটনা কমাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!