আলিপুরদুয়ার এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত ফালাকাটার বাসিন্দা, আহত ২
নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২ ডিসেম্বর ২০২৫ :-
কলকাতা থেকে এসেছেন ভাইপো ভাইঝিরা উত্তরবঙ্গ ঘুরতে। তাদের নিয়ে বক্সা জৈন্তি বেড়াতে গিয়েছিলেন ফালাকাটার ৬৭ বছর বয়সি বিমল ভৌমিক।
সঙ্গে ছিলেন তার স্ত্রী সুভদ্রা। বক্সা দুর্গ দেখে জয়ন্তীর নৈসর্গিক শোভা উপভোগ করে, আর্টিগা গাড়িতে ফিরছিলেন ফালাকাটার বাড়ি। এবং পথেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিমল বাবু। সঙ্গে আহত স্ত্রী সুভদ্রা এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এবং কাঠগড়ায় জেলা আলিপুরদুয়ারের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে।
দক্ষিণেশ্বর থেকে কাকুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ভাইঝি পাপিয়া। হাসপাতালের জরুরী বিভাগে দাঁড়িয়ে স্খলিত স্বরে তিনি জানান, ‘কিভাবে যে কী হয়ে গেল এখনো বুঝতেই পারছি না। কাকুকে হারালাম। কাকিমার মাথায় হাত পায়ে চোট লেগেছে। ‘
গাড়িতে থাকা সুব্রত দত্ত জানান, সন্ধ্যা ছয়টা নাগাদ এশিয়ান হাইওয়ের মন্থারাম বিটের পাশে আচমকাই গাড়ির সামনে এক ব্যক্তি চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি পুরোপুরি উল্টে যায়। কয়েক পাক খেয়ে আছড়ে পড়ে রাস্তায়।
এই মুহূর্তে পোস্টমর্টেম এর অপেক্ষায় বিমল ভৌমিকের নিথর দেহ। স্ত্রী সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। বাকিদেরও অল্প বিস্তর চোট লেগেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এবং পুরো পরিবার শোকস্তব্ধ।
গত দু বছরে, এই এশিয়ান হাইওয়ে ক্রমশই যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শতাধিক পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এলাকার বাসিন্দারা রীতিমতো ভয়ার্ত চোখে দেখেন এই কয়েক কিলোমিটার পিচ ঢালা পথকে। ফিসফিস প্রশ্ন বাতাসে ঘোরাফেরা করে, ‘আর কত প্রাণ নেবে জেলা আলিপুরদুয়ারের বুক চিরে যাওয়া প্রাণঘাতী এই এশিয়ান হাইওয়ে ? ‘