পরপর দু’দিনে তিন প্রাণহানি, এবার উত্তর চিকলিগুড়িতে স্কুটি-বাইকের সংঘর্ষে মৃত দুই
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৫ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার: শনিবারের শোভাগঞ্জের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা আলিপুরদুয়ারে। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ভাটিবাড়ি–কামাখ্যাগুড়ি সড়কের উত্তর চিকলিগুড়িতে স্কুটি ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক তরুণীসহ দুজনের। গুরুতর আহত আরও একজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন জারসিনা সোরেন (২২) ও দেবু দাস (২১)। গুরুতর আহত সিঙ্গিমারীর বাসিন্দা অনিল সোরেনকে (২৩) আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে অনুমান পুলিশের। মৃতদেহ দুটি ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা।
এর আগের রাতেই শোভাগঞ্জে শিমুল গাছে স্কুটারের ধাক্কায় মৃত্যু হয় জিৎ বর্মনের (১৯)। গুরুতর আহত হয় দুই কিশোরী। পরপর দু’দিনে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ফের সামনে এল দু’চাকার যান চালানোর সময় সতর্কতা ও সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তা।