রেল পরিষেবার উন্নয়নে জোর, আলিপুরদুয়ারে DRUCC-র ৯৫তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব | The 4th Column

রেল পরিষেবার উন্নয়নে জোর, আলিপুরদুয়ারে DRUCC-র ৯৫তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব
লোকেশন: আলিপুরদুয়ার জংশন
তারিখ: ২ আগস্ট ২০২৬ | রবিবার
দ্যা ফোর্থ কলাম, নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ার, ২ আগষ্ট ২০২৬:

আলিপুরদুয়ার জংশনে বিভাগীয় রেল ব্যবস্থাপকের (DRM) কার্যালয়ে অনুষ্ঠিত হলো ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (DRUCC)-র ৯৫তম বৈঠক। বিভাগীয় রেল ব্যবস্থাপক দেবেন্দ্র সিংয়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক তথা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) আসিফ আলি, অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক (ADRM), রেল আধিকারিক এবং DRUCC-র সদস্যরা।

বৈঠকে আলিপুরদুয়ার জেলার রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে আরও ট্রেনের স্টপেজ, যাত্রীসুবিধা বৃদ্ধি, আলিপুরদুয়ার শহরের মধ্য দিয়ে চলা রেলপথ সংক্রান্ত সমস্যা, রেলগেটগুলির আধুনিকীকরণ এবং প্রয়োজনীয় স্থানে রেল ওভারব্রিজ (ROB) নির্মাণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়াও আলিপুরদুয়ার জংশন–শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসকে পূর্বের মতো আলিপুরদুয়ার শহর হয়ে চালানোর প্রস্তাবও গৃহীত হয়েছে। বিভিন্ন দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রেল মন্ত্রক গ্রহণ না করলেও আলোচনায় বিষয়গুলি ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে বলে জানানো হয়।
আলিপুরদুয়ার শহরের প্রতিনিধিত্ব করে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ মনোনীত সদস্য প্রসেনজিৎ দত্ত চৌধুরী, সুব্রত সিনহা এবং রেল দপ্তরের প্রতিনিধি কুশল চ্যাটার্জি। রেল পরিষেবার উন্নয়নে এই বৈঠকের সুপারিশগুলি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!