লোকালয়ে গন্ডারের হানা, ভুট্টা খেতে জখম গ্রামবাসী | The 4th Column

লোকালয়ে গন্ডারের হানা, ভুট্টা খেতে জখম গ্রামবাসী
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৩ এপ্রিল ২০২৫:

রবিবার সাতসকালে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শিমলাবাড়ি এলাকায় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসা একটি গন্ডারের আক্রমণে গুরুতর জখম হয়েছেন আছিরুদ্দীন মিয়াঁ (৪৩) নামে এক গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আছিরুদ্দীনবাবু গরু নিয়ে যাচ্ছিলেন। সেই সময় শিমলাবাড়ির একটি ভুট্টা খেতের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা গন্ডারটি আচমকা তাঁকে আক্রমণ করে। গন্ডারের শক্তিশালী ঢুসোর আঘাতে গুরুতর চোট পান তিনি।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া বন দফতরের কর্মীরা। জখম আছিরুদ্দীন মিয়াঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
অন্যদিকে, লোকালয়ে ঢুকে পড়া গন্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার প্রসঙ্গে জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, “গন্ডারের হানায় জখম ব্যক্তি স্থিতিশীল রয়েছেন। আমরা তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।”
বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আহত আছিরুদ্দীন মিয়াঁকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হবে।
এই ঘটনায় স্বাভাবিক আতঙ্ক ছড়িয়েছে শিমলাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা বনাঞ্চল লাগোয়া এলাকায় আরও সতর্ক থাকার এবং বন দফতরের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। লোকালয়ে বন্যপ্রাণীর আগমন রুখতে বন দফতর কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!