বৃহস্পতিবারের বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার-ফালাকাটা মহাসড়ক, জেলা শহর থেকে কার্যত বিচ্ছিন্ন ফালাকাটা
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১০ এপ্রিল ২০২৫:
বৃহস্পতিবার ভোর রাতের প্রবল বর্ষণে আলিপুরদুয়ার-ফালাকাটা নির্মীয়মাণ মহাসড়কের বিস্তীর্ণ অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জলমগ্ন এবং কর্দমাক্ত হয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে কার্যত জেলা শহর আলিপুরদুয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফালাকাটা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের নির্মাণ কাজ চলার কারণে রাস্তা এমনিতেই বেহাল ছিল। তার উপর ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। বহু জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং রাস্তায় জল জমে যাওয়ায় ছোট গাড়ি থেকে শুরু করে বড় ট্রাক পর্যন্ত আটকে পড়ছে।
এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। জরুরি পরিষেবার গাড়ি, যেমন অ্যাম্বুলেন্স এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনও রাস্তায় আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জল নিকাশির ব্যবস্থা করা এবং রাস্তা মেরামতের কাজ শুরু করার চেষ্টা চলছে। তবে আবহাওয়া অনুকূল না থাকলে এই কাজ কত দ্রুত সম্ভব সমাধা হবে তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত ফালাকাটার সঙ্গে জেলা শহরের সড়ক পথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকায় , অনেকটা ঘুরপথে বানেশ্বর ছাগলবেড়ের বিকল্প রাস্তার ব্যবহার শুরু করেছেন নিত্যযাত্রীরা । এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন।