নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: সোশ্যাল মিডিয়ার আলাপ থেকে গড়ে ওঠা প্রেমের পরিণতি শেষ পর্যন্ত গড়ালো শ্রীঘরে। কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বাসিন্দা মধ্যম মোহন্তকে ( নাম পরিবর্তিত) গ্রেফতার করলো আলিপুরদুয়ার মহিলা থানার পুলিশ। বিচ্ছেদের সিদ্ধান্তে ক্ষুব্ধ এক বিবাহিত মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা মধ্যম মোহন্তর সাথে বেশ কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে ওই মহিলার পরিচয় হয়। মহিলার একটি কন্যা সন্তান রয়েছে, যে বর্তমানে নবম শ্রেণিতে পড়াশোনা করে। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।
তবে ঘটনার মোড় ঘোরে তখন, যখন মধ্যম বুঝতে পারেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। নিজেকে সরিয়ে নিতে চেয়ে তিনি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। মধ্যমের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওই মহিলা সরাসরি যুবকের বাড়িতে গিয়ে হাজির হন। সেখানে মধ্যমকে না পেয়ে তিনি সোজা আলিপুরদুয়ার মহিলা থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের গুরুত্ব বিচার করে মঙ্গলবার পুলিশ মধ্যম মোহন্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নতুন দণ্ডসংহিতার ৬৪/৩৫১(২) BNS ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা এই সম্পর্কের এমন পরিণতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।