T4C 100 | খবর বিশদে
বক্সায় কুনকি চন্দনের আক্রমণে গুরুতর জখম পাতাওয়ালা, পর্যবেক্ষণে হাতি
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার ৩ নভেম্বর ২০২৬ :-

সোমবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চেকো বিটের হস্তিশালায় কুনকি হাতি চন্দনের আক্রমণে গুরুতর জখম হলেন পাতাওয়ালা হীরা রাভা। আচমকা হাতিটি পিছন থেকে তাঁকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয় বলে জানা গিয়েছে। আহত অবস্থায় তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেলা হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ অনিন্দ্য সাহা জানান, হাতির দাঁতের আঘাতে হীরা রাভার স্পাইনাল কর্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকের একাধিক পাঁজরের হাড়ও ভেঙেছে। চিকিৎসকেরা তাঁকে স্থিতিশীল করার চেষ্টা করছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
ঘটনার পর চন্দনকে আপাতত সমস্ত কাজ থেকে বিরত রেখে কড়া পর্যবেক্ষণে রেখেছে বনদপ্তর।