১২ দফা দাবিতে আলিপুরদুয়ারে ডেপুটেশন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ মে ২০২৬ :

শিক্ষক ও ছাত্রস্বার্থে ১২ দফা দাবিতে আলিপুরদুয়ারে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান, পাঠ্যপুস্তকের তীব্র সংকট দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থার একাধিক জরুরি সংস্কারের দাবিতে সোচ্চার হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)। বৃহস্পতিবার সংগঠনের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের (DI) কাছে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। শিক্ষক নেতৃত্বের দাবি, বর্তমান শিক্ষা ব্যবস্থার একাধিক খামতি সরাসরি ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ক্ষতি করছে।
স্মারকলিপির ১২টি দাবির মধ্যে অন্যতম প্রধান হলো পাঠ্যপুস্তক সংকট। আগামী সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার হওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীরা এখনও বই পায়নি। অবিলম্বে এই বই বিতরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, অষ্টম শ্রেণীর ইতিহাসের বইয়ে সিঙ্গুর আন্দোলন সংক্রান্ত বিবরণকে ‘বিকৃত ইতিহাস’ আখ্যা দিয়ে তা বাদ দেওয়া এবং সিলেবাস আধুনিকীকরণের দাবি তুলেছে সংগঠন।
বিদ্যালয় স্তরে স্বচ্ছতার দাবি তুলে শিক্ষক সমিতি জানায়, জেলার প্রতিটি স্কুলের শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে এবং শিক্ষকহীন স্কুলে ‘সারপ্লাস’ শিক্ষক পাঠাতে হবে। সমস্ত বেআইনি বদলির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। এছাড়া, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বকেয়া ডিএ প্রদান, সপ্তম বেতন কমিশন লাগু এবং পার্শ্বশিক্ষক, চুক্তিভিত্তিক ও মাদ্রাসা শিক্ষকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানানো হয়।
সংগঠনের আরও অভিযোগ, সরকারি অনুষ্ঠানের নামে নির্দিষ্ট কিছু শিক্ষককে অন-ডিউটি (OD) সুবিধা দিয়ে স্কুল থেকে অনুপস্থিত রাখা হচ্ছে, যা বন্ধ হওয়া দরকার। একই সাথে স্কুলের পোশাকে নীল-সাদা রঙের পরিবর্তে বিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনা এবং ২০১৬ প্যানেলের যোগ্যদের নিয়োগ জট দ্রুত আইনি পথে সমাধানের দাবি তোলা হয়েছে।
কর্মসূচী শেষে সংগঠনের জেলা সভাপতি ও সম্পাদক জয়ন্ত সাহা জানান, এই দাবিগুলো অত্যন্ত ন্যায়সঙ্গত। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!