নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৫ মার্চ ‘২০২৫ :-

আলিপুরদুয়ারের জৈন্তিতে সরকারি উদ্যোগে প্রথমবার ১০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে দুদিনের প্রকৃতিপাঠ শিবির অনুষ্ঠিত হল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ‘মিশন লাইফ’ কর্মসূচির অধীনে আয়োজিত এই শিবিরে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মোট ১০টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ১০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জৈন্তি রেঞ্জ অফিসের কাছেই শিবিরটির আয়োজন করা হয়। শিবিরে ছাত্রছাত্রীদের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে গাছপালা, পাখি ইত্যাদি চিনিয়ে পরিবেশের সঙ্গে পরিচিত করানো হয়। এছাড়াও, ওয়ার্কশপ ও মডেল প্রদর্শনীর মাধ্যমে তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র নিজে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের পরিবেশের গুরুত্ব বোঝান এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার জানান, বেসরকারি উদ্যোগে গত ৬০ বছর ধরে আলিপুরদুয়ারে প্রকৃতিপাঠ শিবির অনুষ্ঠিত হলেও, সরকারি উদ্যোগে এই ধরণের শিবির এই প্রথমবার আয়োজিত হল।
শিবিরের শেষে ছাত্রছাত্রীদের এবং তাদের স্কুলগুলিকে একটি করে ফলের চারাগাছ দেওয়া হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই গাছগুলির পরিচর্যার দিকে নজর রাখবে এবং দুবছর পর যে স্কুলগুলির গাছ সবচেয়ে ভালোভাবে বাড়বে, তাদের কলকাতায় ডেকে সংবর্ধনা দেওয়া হবে।

কল্যাণ রুদ্র জানান, ‘মিশন লাইফ’ একটি চলমান কর্মসূচি এবং ভবিষ্যতে এই ধরনের আরও শিবির আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে।