পর্যটনের স্বার্থে ভারত ও নেপালের দুই পর্যটন সংস্থার মৌ চুক্তি | The 4th Column

ভারত ও নেপালের মধ্যে পর্যটন ও সংস্কৃতি আদান-প্রদান বাড়াতে মৌ চুক্তি
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, জলদাপাড়া, আলিপুরদুয়ার, ১৬ আগষ্ট ২০২৫: –

— ইন্দো-নেপাল ট্যুরিজম মীট ২০২৫

ভারত ও নেপালের মধ্যে বন সংরক্ষণ, পর্যটন এবং সাংস্কৃতিক আদান-প্রদানকে আরও সুসংহত করতে এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ভারত ও নেপালের দুটি বেসরকারি পর্যটন সংস্থার মধ্যে একটি মৌ (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন সচিব বিশাল ঘিমিরে, জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা এবং দুই দেশের অসংখ্য পর্যটন ব্যবসায়ী।
এই চুক্তির প্রধান উদ্দেশ্য হলো, আসন্ন দুর্গাপূজার পর্যটন মরসুমে দুই দেশের পর্যটকরা যাতে কোনো বাধা ছাড়াই ভারতের পূর্ব ডুয়ার্স এবং নেপালের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সহজে যাতায়াত করতে পারেন। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং নেপালের বেসরকারি পর্যটন সংস্থাগুলো এই বিষয়ে তাদের দায়বদ্ধতা প্রকাশ করেছে।
এছাড়াও, পর্যটকদের সুবিধার্থে আলিপুরদুয়ারের জয়গাঁ সীমান্ত শহর থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত একটি সরকারি বাস পরিষেবা চালু করার দাবিও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কাছে রাখা হয়েছে। নেপালের পর্যটন সচিব বিশাল ঘিমিরে জানান, দুই দেশের পর্যটকদের গাড়িগুলিতে একটি বিশেষ ধরনের স্টিকার ব্যবহার করা হবে, যাতে পর্যটকরা আইনগত বাধা ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। তিনি আরও বলেন, নেপালে ভারতীয় পর্যটকদের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হয় না, যা একটি প্রচলিত ভুল ধারণা।
ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা এই চুক্তিকে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দিগন্ত হিসেবে বর্ণনা করেন। এই উদ্যোগ ভারত ও নেপালের মধ্যে পর্যটন এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!