মতুয়া ভক্তদের অভিনব বিক্ষোভ, নির্ধারিত সময়ে বিশেষ ট্রেন না আসায় আলিপুরদুয়ার জংশন স্টেশনে নাম কীর্তন | The 4th Column

মতুয়া ভক্তদের অভিনব বিক্ষোভ, নির্ধারিত সময়ে বিশেষ ট্রেন না আসায় আলিপুরদুয়ার জংশন স্টেশনে নাম কীর্তন
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৫ মার্চ ‘২০২৫ :-

বনগাঁর ঠাকুরবাড়িতে শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে আয়োজিত বারুণী মেলায় যোগ দিতে যাচ্ছিলেন মতুয়া ভক্তরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে তাঁদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রেনে চাপার জন্য আলিপুরদুয়ার জেলার প্রায় হাজার খানেক মতুয়া ভক্ত মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছন। কিন্তু ট্রেন নির্ধারিত সময়ে না আসায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
রেল সূত্রে সকাল ন’টায় ট্রেনটি আসার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন, ট্রেন আসতে দেরি হবে। বেলা আড়াইটের মধ্যে ট্রেন আসবে বলে জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন না আসায় মতুয়া ভক্তরা প্ল্যাটফর্মেই খোল-করতাল বাজিয়ে নাম কীর্তন শুরু করেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে তাঁদের অভিনব বিক্ষোভ।
পরিস্থিতি সামাল দিতে স্টেশন মাস্টার যাত্রীদের আশ্বস্ত করেন যে, সন্ধ্যা সাতটার মধ্যে ট্রেন আসবে। এই আশ্বাসের পরেই বিক্ষোভ থামান মতুয়া ভক্তরা।
এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই রেলের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সঠিক সময়ে ট্রেন না আসায় তাঁদের দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয়েছে। ফলে, বারুণী মেলায় যোগ দিতে তাঁদের দেরি হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা।
ব্যুরো রিপোর্ট দ্যা ফোর্থ কলাম

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!