আলিপুরদুয়ারে ভয়াবহ লরি দুর্ঘটনা, নিহত ২ | The 4th Column

আলিপুরদুয়ারে ভয়াবহ লরি দুর্ঘটনা, নিহত ২

নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার, দ্যা ফোর্থ কলাম, ১৯ এপ্রিল ২০২৫ :-

— দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি লরি

শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট থানার অন্তর্গত ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের হলং এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত ২টার পর একটি রড বোঝাই লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই রড বোঝাই লরির চালক ও খালাসির মৃত্যু হয়।
অন্যদিকে, পাথর বোঝাই লরির চালক ও খালাসি গুরুতরভাবে জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রড বোঝাই লরিটি অসমের দিকে যাচ্ছিল এবং পাথর বোঝাই লরিটি ভুটান থেকে মাদারিহাটের দিকে আসছিল। পথের বাঁকে আচমকা এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত লরি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, নিহত রড বোঝাই লরির চালক ও খালাসির পরিচয় এখনও জানা যায়নি, তবে তারা মালদার কালিয়াচকের বাসিন্দা ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং কালিয়াচক থানার সঙ্গে যোগাযোগ করে নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!