T4C100 | খবর বিশদে
হারানো ৬০টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে ফেরাল আলিপুরদুয়ার পুলিশ
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৭ নভেম্বর ২০২৬ :-

হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ মালিকদের মুখে। আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৬০টি স্মার্টফোন শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে জেলার বিভিন্ন থানায় মোবাইল চুরি ও হারানোর অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা পুলিশের সাইবার সেল ও পুলিশ সুপার অফিসের বিশেষ দল। আধুনিক ট্র্যাকিং এবং সাইবার প্রযুক্তির সাহায্যে ফোনগুলির অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ফোনগুলি ফিরিয়ে দেন। খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে আগামী দিনেও অভিযান চলবে বলে জানিয়েছে জেলা পুলিশ।