মথুরা চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড, স্বস্তিতে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ এপ্রিল ২০২৬ :

মাদারিহাট, ২১ এপ্রিল ২০২৬: আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত মথুরা চা বাগান থেকে অবশেষে একটি পূর্ণবয়স্ক মাদী লেপার্ড খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। প্রায় ৮ বছর বয়সী এই লেপার্ডটিকে ঘিরে গত কয়েকদিন ধরেই চা বাগান শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। অবশেষে মঙ্গলবার ভোরে লেপার্ডটি বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মথুরা চা বাগান এলাকায় লেপার্ড এর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। দিনকয়েক আগে লেপার্ড হামলায় এক মহিলা বাসিন্দা সামান্য আহতও হন। এরপরই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বনদপ্তরে বারংবার অভিযোগ জমা পড়তে থাকে। জনরোষ ও নিরাপত্তার কথা মাথায় রেখে জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে ওই এলাকায় একটি বিশেষ খাঁচা স্থাপন করা হয়।
মঙ্গলবার সকালে চা বাগানের কর্মীরা খাঁচাবন্দি অবস্থায় লেপার্ডটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের কর্মীরা এবং কুইক রেসপন্স টিম (QRT)। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে লেপার্ডকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বনদপ্তরের ভেটেরিনারি অফিসারের তত্ত্বাবধানে লেপার্ডটির শারীরিক পরীক্ষা করা হয়।
জলদাপাড়ার ডিএফও জানিয়েছেন, উদ্ধার হওয়া লেপার্ডটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। নিয়ম মেনে ভবিষ্যতে শনাক্তকরণের জন্য সেটির শরীরে একটি আরএফআইডি (RFID) বায়োকম্প্যাটিবল মাইক্রোচিপ বসানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হওয়ায় সেটিকে পুনরায় তার স্বাভাবিক প্রাকৃতিক আবাসে (জঙ্গলে) ছেড়ে দেওয়া হয়েছে। গোটা উদ্ধারকার্যে বনকর্মী বা স্থানীয়দের কোনো ক্ষতি হয়নি, যা বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!