আলিপুরদুয়ারে গুলবাঘের হামলা, জখম মহিলা চা শ্রমিক | The 4th Column

আলিপুরদুয়ারে গুলবাঘের হামলা, জখম মহিলা চা শ্রমিক

নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৭ই এপ্রিল :

—প্রতীকী ছবি

রবিবার দুপুরে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে চা পাতা তোলার সময় এক মহিলা শ্রমিকের উপর আচমকা হামলা চালাল একটি গুলবাঘ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে গোটা বাগান জুড়ে। জখম মহিলা শ্রমিক শান্তি ওঁরাওকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত বিপন্মুক্ত।
ঘটনাটি ঘটে রবিবার বেলা পৌনে তিনটে নাগাদ মাঝেরডাবরি চা বাগানের ২/বি সেকশনে। অন্যান্য দিনের মতোই শান্তি ওঁরাও সহ কয়েকজন মহিলা শ্রমিক সেখানে চা পাতা তুলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় চা গাছের একটি নালায় লুকিয়ে থাকা একটি গুলবাঘ অতর্কিতে শান্তি ওঁরাওয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে আঁচড়ে কামড়ে জখম করে।
শান্তি ওঁরাওয়ের আর্ত চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এলে গুলবাঘটি পালিয়ে যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মাঝেরডাবরি চা বাগানের কর্তৃপক্ষের কাছে খবর দেন। বাগান কর্তৃপক্ষ দ্রুততার সাথে জখম শান্তি ওঁরাওকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান।
আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুলবাঘের হামলায় শান্তি ওঁরাওয়ের শরীরে একাধিক আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন স্থিতিশীল এবং বিপন্মুক্ত।
এই ঘটনার জেরে মাঝেরডাবরি চা বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের কাছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় বন দফতরকে ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে এবং তারা শীঘ্রই ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চা বাগান এলাকায় এর আগেও উপর্যুপরি বন্যপ্রাণীর হামলার ঘটনা ঘটেছে। তবে দিনের আলোয় কর্মরত অবস্থায় এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বন দফতর এখন গুলবাঘটির গতিবিধি নজরে রাখবে এবং শ্রমিকদের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করবে বলে আশা করা যায়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!