লেপার্ডের হামলা, গুরুতর জখম মহিলা চা শ্রমিক
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার, দ্যা ফোর্থ কলাম, ১৮ এপ্রিল ২০২৫ :-

ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। পাতা তোলার সময় আচমকা লেপার্ডের আক্রমণে গুরুতর জখম হয়েছেন দশমী টুডু (৬৫) নামে এক মহিলা শ্রমিক। এই ঘটনায় চা বাগান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দলগাঁও চা বাগানের ৮০বি নম্বর সেকশনে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাতা তুলছিলেন দশমীদেবী। সেই সময় একটি লেপার্ড ঝোপের আড়াল থেকে আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। লেপার্ডটি তাঁর মাথায় ও হাতে ধারালো থাবা বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় দশমীদেবীর আর্ত চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এলে লেপার্ডটি পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা দশমীদেবীকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ছেলে মুন্না টুডু জানিয়েছেন, “প্রতিদিনের মতো আজও মা চা বাগানে কাজ করতে এসেছিলেন। হঠাৎই একটি লেপার্ড তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। লেপার্ডের হামলায় মায়ের মাথায় ও হাতে গভীর ক্ষত হয়েছে। অন্যান্য শ্রমিকদের চিৎকারে লেপার্ডটি পালিয়ে যায়। আমরা দ্রুত মাকে হাসপাতালে নিয়ে আসি।”
এই ঘটনার জেরে দলগাঁও চা বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জার শুভাশিস রায় এই বিষয়ে জানিয়েছেন, “দলগাঁও চা বাগানে লেপার্ডের হামলায় এক মহিলা জখম হয়েছেন। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বনকর্মীরা গোটা বিষয়টি নজরে রাখছেন।”
এই ঘটনার পর চা বাগান এলাকায় বনদপ্তরের নজরদারি আরও বাড়ানো উচিত বলে মনে করছেন স্থানীয় শ্রমিকরা, যাতে ভবিষ্যতে আর কোনও শ্রমিক বন্যপ্রাণীর হামলার শিকার না হন।