নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের ইটখোলা বাঁধ এলাকায় যুবক কানাই পাসওয়ানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সূতলীপট্টি এলাকা থেকে সঞ্জিত কুণ্ডু (৩৮) ( নাম পরিবর্তিত) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তি বিধানপল্লীর বাসিন্দা। এই নিয়ে কানাইয়ের মৃত্যুর ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২৪ এপ্রিল। পরিবারের অভিযোগ, ২৩ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন কানাই। পরদিন ইটখোলা বাঁধের কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কানাইয়ের পরিচিত বন্ধুরাই তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে পরিকল্পনা করে খুন করেছে। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা কারবার চললেও পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছিল না।
কানাইয়ের পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর (FIR) দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত কানাইয়ের পরিবারের তালিকায় আরও ৭ জন অভিযুক্তের নাম রয়েছে, যাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মাদক চক্রের সাথে যুক্ত। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নতুন দণ্ডসংহিতার ১০৩(২)/৩(৫) BNS ধারায় মামলা রুজু করেছে। বুধবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই রহস্যের কিনারা করতে মরিয়া তদন্তকারীরা।