আলিপুরদুয়ারের ইটখোলা বাঁধে মৃত্যুর রহস্য! আরও দুই অভিযুক্তের আত্মসমর্পণ, মিলবে কি ন্যায়বিচার? THE 4TH COLUMN

রচিতা চক্রবর্তী,নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, ১১ মে ২০২৬:

আলিপুরদুয়ারের ইটখোলা বাঁধ এলাকায় কানাই পাসওয়ানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সোমবার এই মামলার সাথে জড়িত আরও দুই অভিযুক্ত আলিপুরদুয়ার আদালতে এসে আত্মসমর্পণ করেছে। ধৃতদের নাম নিষ্ণা মাহাতো ও কম্বল মাহাতো ( উভয়ের নাম পরিবর্তিত )। তারা আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুতলিপট্টির বাসিন্দা। এই নিয়ে কানাই পাসওয়ানের মৃত্যুর ঘটনায় মোট ১০ জন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ল।
​গত ২৪ এপ্রিল ইটখোলা বাঁধের ধার থেকে কানাই পাসওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের দাবি, ২৩ এপ্রিল রাতে বন্ধুদের সঙ্গে বেরোনোর পর তিনি আর বাড়ি ফেরেননি। কানাইয়ের পরিবারের অভিযোগ, নেশাজাতীয় কিছু খাইয়ে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ওই অঞ্চলে মাদকের রমরমা কারবার চলছে এবং অভিযুক্তরা প্রায় প্রত্যেকেই নেশার কারবারের সঙ্গে যুক্ত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয়রা।
​পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে এর আগে টুমন কুণ্ডু ( নাম পরিবর্তিত ) নামে ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা আত্মসমর্পণ করেছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের তালিকায় মোট ১৩ জনের নাম রয়েছে, যার মধ্যে ১০ জন ইতিমধ্যেই ধরা পড়েছে। বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার নতুন করে আত্মসমর্পণ করা দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই মৃত্যুর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র বা পুরনো শত্রুতা রয়েছে কি না।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!