পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কামাখ্যাগুড়ির মৎস্য ব্যবসায়ী, শোকের ছায়া এলাকাজুড়ে | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ মে ২০২৬ :

ল্যাম্পপোস্টে বাইকের ধাক্কা, বাড়ির পথে আর ফেরা হলো না কামাখ্যাগুড়ির ব্যবসায়ীর
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: শনিবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সহদেব বর্মন (৪৭)। আলিপুরদুয়ার চেকো সংলগ্ন পদ্মেশ্বরী হাই স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ব্যবসায়ীর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর কামাখ্যাগুড়ি এলাকা ও জেলা ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কামাখ্যাগুড়ির বাসিন্দা সহদেব বাবু একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী। এলাকায় তাঁর একটি মাছের আড়ত রয়েছে। শনিবার বিকেলে নিজের গাড়ির কিছু যান্ত্রিক কাজ করানোর জন্য তিনি কামাখ্যাগুড়ি থেকে আলিপুরদুয়ার শহরে এসেছিলেন। কাজ শেষ করে রাত ১০টা নাগাদ তিনি বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে আলিপুরদুয়ার চেকো সংলগ্ন পদ্মেশ্বরী হাই স্কুলের সামনে তাঁর বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারের একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন কি না এবং বাইকের গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে খবর, বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই কন্যাসন্তান রয়েছে সহদেব বাবুর। শনিবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনার খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একজন হাসিখুশি ও সফল ব্যবসায়ীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না কামাখ্যাগুড়ির বাসিন্দারা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!