ভাইফোঁটায় বেড়াতে এসে কালজানিতে ডুবে মৃত্যু শিলিগুড়ির কিশোরের
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১১ নভেম্বর ২০২৬ :-

ভাইফোঁটা উপলক্ষে আলিপুরদুয়ারে আত্মীয়ের বাড়িতে এসে কালজানি নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল শিলিগুড়ির এক ১৭ বছরের কিশোরের। একাদশ শ্রেণির ওই ছাত্র বাবা ও বোনের সঙ্গে দাদুর বাড়িতে এসেছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
পরে খোলটায় মাসির বাড়িতে বেড়াতে যায় সে। বুধবার দুপুরে সেখানেই কালজানি নদীতে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যায়। এক স্থানীয় বাসিন্দা ঘটনাটি দেখে অন্যদের খবর দেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে এবং পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবার ও আত্মীয়দের মধ্যে শোক নেমে এসেছে।